প্রতিষ্ঠার মাত্র আট মাসের মাথায় বিলুপ্ত হলো বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস)। নতুন রূপে আত্মপ্রকাশ করেছে ‘জাতীয় ছাত্রশক্তি’ নামে একটি সংগঠন।

বৃহস্পতিবার রাজধানীর আবু সাঈদ কনভেনশন হলে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় বাগছাসের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন। সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর সদস্যসচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ বাগছাসের কেন্দ্রীয় নেতারা।

নতুন সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’-এর মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে “শিক্ষা, ঐক্য, মুক্তি”। যদিও এর কেন্দ্রীয় কমিটি এখনো ঘোষণা করা হয়নি, শিগগিরই তা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি জুলাই আন্দোলনের বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের একটি অংশ বাগছাস গঠন করেছিল। তবে ডাকসু ও জাকসু নির্বাচনে আশানুরূপ ফল না পাওয়ায় সংগঠনটির নেতারা কাঠামোগত পরিবর্তন ও নতুন কৌশল নেওয়ার সিদ্ধান্তে পৌঁছান।

আবু বাকের মজুমদার বলেন,

“জাতীয় ছাত্রশক্তি এনসিপির আদর্শিক সহযোগী হিসেবে কাজ করবে, তবে এটি কোনোভাবেই লেজুরবৃত্তিক সংগঠন নয়। আমাদের নীতি, সিদ্ধান্ত ও নেতৃত্ব আমরা নিজেরাই নির্ধারণ করব। কোনো বিষয়ে আপস করব না।”

তিনি আরও বলেন,

“জাতীয় রাজনীতিতে ছাত্র সংগঠনের ভূমিকা গুরুত্বপূর্ণ। আমরা বিশ্বাস করি, এনসিপির আদর্শ ও আমাদের চিন্তাধারা একই ধারার। তাই আমরা তাদের সহযোগী আদর্শিক ছাত্র সংগঠন হিসেবে কাজ করব।”

তিনি জানান, সংগঠনের রিফর্মেশন প্রক্রিয়া চলমান, এবং নাম পরিবর্তনের পাশাপাশি সংগঠনের কাঠামো ও কার্যক্রমেও বেশ কিছু পরিবর্তন আনা হবে।