বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গুরুতর স্বাস্থ্য সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনা। বর্তমানে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আইএএনএসকে ইমেইলে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বলেন, খালেদা জিয়ার অসুস্থতার খবর জানতে পেরে তিনি গভীরভাবে উদ্বিগ্ন এবং তার দ্রুত আরোগ্য কামনা করছেন।

ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস নিজস্ব প্রতিবেদনে জানায়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা স্পষ্টভাবে বলেন যে তিনি খালেদার সুস্থতা চান। প্রতিবেদনে ৭৯ বছর বয়সী খালেদা জিয়ার দীর্ঘদিনের নানা জটিলতা—হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি সমস্যা—এবং ঢাকার এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে তার নিবিড় পর্যবেক্ষণের বিষয়ও তুলে ধরা হয়।

মেডিকেল সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, খালেদার হার্ট ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়ার পর ২৩ নভেম্বর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৭ নভেম্বর অবস্থার অবনতি হলে সিসিইউতে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রক্রিয়াটিও নানা জটিলতায় বিলম্বিত হচ্ছে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানান, কাতারের আমিরের সহযোগিতায় একটি এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হলেও যান্ত্রিক ত্রুটির কারণে সেটি ঢাকায় নামতে পারেনি। তিনি বলেন, খালেদা জিয়ার বিদেশযাত্রা সম্পূর্ণ নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর এবং মেডিকেল বোর্ডের অনুমতির ওপর।