কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে রপ্তানিকারকরা শঙ্কিত, বিদেশি ক্রেতারা উদ্বিগ্ন
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় দেশের রপ্তানিকারকরা শঙ্কিত এবং বিদেশি ক্রেতারাও উদ্বিগ্ন বলে জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সংগঠনের সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এই দুর্ঘটনা দেশের রপ্তানিমুখী শিল্পের জন্য বড় সতর্কবার্তা। এতে প্রায় ১২ হাজার কোটি টাকার ক্ষতি হতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
তিনি জানান, কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল এবং বিমানবন্দরও ঝুঁকিতে রয়েছে। এ ঘটনায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএবি), কাস্টমস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস কেউই দায় এড়াতে পারে না।
ঔষধ শিল্প সমিতির মহাসচিব জাকির হোসেন জানান, তাদের প্রায় ২০০ কোটি টাকার কাঁচামাল আগুনে পুড়ে গেছে, যা আগামী কয়েক মাসে ওষুধ উৎপাদনে প্রভাব ফেলতে পারে।
ইএবি ছয় দফা দাবি জানায়, যার মধ্যে রয়েছে ক্ষতিগ্রস্তদের বীমা নিষ্পত্তি, সরকারি তহবিল থেকে ক্ষতিপূরণ, কার্গো ভিলেজ আধুনিকায়ন, ওষুধ ও রাসায়নিকের জন্য পৃথক নিরাপদ গুদাম এবং গুদাম ব্যবস্থাপনা অটোমেশনের আওতায় আনা।