ভিসা না পাওয়ায় দেবের সঙ্গে ‘প্রজাপতি ২’-এ অভিনয় করতে পারেননি তাসনিয়া ফারিণ। এতে কিছুটা হতাশ হলেও এবার নতুন সুযোগ এসেছে তাঁর সামনে। পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ছবিতে চঞ্চল চৌধুরীর সঙ্গে অভিনয়ের কথা চলছে তাঁর। সেই সিনেমা নিয়ে আলোচনার জন্যই সম্প্রতি কলকাতায় গেছেন ফারিণ, আর এবার আর কোনো ভিসা জটিলতা হয়নি।

কলকাতায় গিয়ে তিনি কোয়েল মল্লিকের ‘স্বার্থপর’ ছবির প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অনিরুদ্ধ ও চঞ্চলের সঙ্গে। সেখানে ঘুরে বেড়ানো, সাক্ষাৎকার দেওয়া—সব মিলিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন ফারিণ। আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এবার খোলামেলা কথা বলেছেন বিনোদন জগতে নারী-পুরুষের বৈষম্য নিয়ে।

ফারিণ বলেন, “আমাদের এক টাকা পারিশ্রমিক বাড়াতে অনেক পরিশ্রম করতে হয়, কিন্তু নতুন একজন নায়ক দুইটা সিনেমা করেই পারিশ্রমিক বাড়িয়ে ফেলেন, আর সেটা সবাই মেনে নেয়।” তিনি আরও বলেন, “নারীকেন্দ্রিক সিনেমায় এখনো একই ঘরানার গল্প—নারী নির্যাতন বা অধিকার। নারীর কাজ বা সংগ্রাম নিয়ে কেউ গল্প বলতে চান না। অথচ বাজেট, গল্প, প্রচারণা—সব জায়গায় বৈষম্য রয়ে গেছে।”

বিয়ে নিয়েও মত দিয়েছেন ফারিণ। তাঁর ভাষায়, “বিয়ের সঙ্গে অভিনয়ের কোনো বিরোধ নেই। কবে বিয়ে করব, সেটা আমি ঠিক করব। বরং বিয়ের পর আমার কাজ বেড়েছে। এখন নায়িকার বিয়ে নিয়ে কেউ মাথা ঘামায় না।”

ছোট পর্দা থেকে যাত্রা শুরু হলেও এখন তিনি সিনেমায় বেশি মনোযোগী। কারণ হিসেবে বলেন, “নাটকে এখন মনের মতো চরিত্র পাচ্ছি না। বড় পর্দা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করছে।” ফারিণ জানান, দুই দেশের সিনেমায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, তবে ছোট পর্দাকে কখনো ভুলে যাচ্ছেন না—“ওই মাধ্যমই তো আমাকে তাসনিয়া ফারিণ বানিয়েছে।”