কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম আবারও সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। দাম্পত্য কলহের জেরে তিনি তাঁর তৃতীয় স্ত্রী রিয়া মনিকে মৌখিকভাবে তিন তালাক দিয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আফতাবনগরে স্ত্রীকে তালাক দেওয়ার পর দুধ দিয়ে গোসল করেন তিনি—এ ঘটনাই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

তালাকের পর থেকেই হিরো আলমকে অনেকে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। তিনি জানান, “রিয়া মনিকে তালাক দেওয়ার পর থেকে মেসেঞ্জারে ঢোকাই কঠিন হয়ে পড়েছে। অসংখ্য মেয়ের মেসেজ আসছে, সবাই বিয়ের প্রস্তাব দিচ্ছে। আমি এই ভালোবাসা ও আগ্রহকে শ্রদ্ধা জানাই।”

তবে তিনি স্পষ্ট করে বলেন, “আমি এখনো কাউকে বিয়ের আশ্বাস দিইনি। এটি শুধু আমার একার সিদ্ধান্ত নয়—আমার পরিবার, মা-বাবা, ভাইবোনদের সঙ্গে পরামর্শ করেই আমি চূড়ান্ত সিদ্ধান্ত নেব।”

হিরো আলম বলেন, “আমি আবার বিয়ে করতে চাই, কিন্তু তা কোনো আবেগে নয়। ভেবেচিন্তে, স্থিরভাবে এবারের সিদ্ধান্ত নেব। আমি চাই আমার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ এবং একটি স্থিতিশীল পরিবার। তাই এমন জীবনসঙ্গী চাই, যিনি মনের দিক থেকে ভালো হবেন এবং বাস্তবতা বুঝে সম্পর্কটিকে এগিয়ে নিতে পারবেন।”