ঢাকায় নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার দাফন হোমনায় সম্পন্ন, জানাজায় মানুষের ঢল
কুমিল্লার হোমনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা মো. জোবায়েদ হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়েছে সোমবার (২০ অক্টোবর) বাদ মাগরিব। জানাজাটি হোমনা উপজেলার কলাগাছিয়া উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। পরে তাঁকে কলাগাছিয়া-কৃষ্ণপুর গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
বিকেল সাড়ে পাঁচটার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে জোবায়েদের মরদেহ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। একনজর দেখতে অসংখ্য মানুষ ভিড় করেন, আর পরিবারের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। অনেকের চোখেই ছিল অশ্রু।
জানাজা-পরবর্তী বক্তব্যে বক্তারা বলেন, জোবায়েদ হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাঁরা কেউ ঘরে ফিরবেন না। তাঁরা দাবি জানান, দ্রুত বিচার ট্রাইব্যুনালের আওতায় আগামী ৯০ দিনের মধ্যে হত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে। বক্তারা জোবায়েদের পরিবারের পাশে থাকার অঙ্গীকারও ব্যক্ত করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল আলম বলেন, “পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো বাবার কাঁধে ছেলের লাশ।” তিনি আরও জানান, জোবায়েদ ছিলেন নম্র, ভদ্র, মেধাবী ও বিনয়ী শিক্ষার্থী।
উল্লেখ্য, গত রোববার রাতে পুরান ঢাকার আরমানিটোলার একটি ভবনের সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর গলায় ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।