সুদানের আবেইয়ে সন্ত্রাসী হামলা: নিহত ৬, আহত ৮ বাংলাদেশি শান্তিরক্ষী

আফ্রিকার দেশ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয় জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং আট জন আহত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের তথ্যমতে, শনিবার স্থানীয় সময় দুপুরের দিকে UNISFA মিশনের কাদুগলি লজিস্টিক বেসে এই নৃশংস হামলা চালানো হয়। হামলার পর এলাকায় পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ে এবং সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলমান থাকে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শহীদদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত। আহত শান্তিরক্ষীদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহত একজনের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। অন্য আহতদের উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে স্থানান্তর করা হয়েছে।

এ ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, হামলার তীব্র নিন্দা জানিয়ে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি জরুরি ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারের আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সেনাবাহিনী শহীদদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

Listen and Watch the Story:

Tags: