স্থগিত হওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) নির্ধারিত কেন্দ্রগুলোতে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর লিখিত পরীক্ষা পূর্বঘোষিত ২ জানুয়ারির পরিবর্তে একই সময়ে ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় পরীক্ষাটি স্থগিত করা হয়েছিল। শোকের শেষ দিন ২ জানুয়ারি হওয়ায় কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি পরীক্ষার তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নেয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের নিয়োগে ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন করেছেন ১০ লাখের বেশি প্রার্থী। ফলে প্রতি পদের বিপরীতে গড়ে প্রায় ৭৫ জন চাকরিপ্রত্যাশী প্রতিযোগিতা করবেন।
পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ক্যালকুলেটরসহ যেকোনো ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ থাকবে। ওএমআর পূরণে কালো কালি ব্যবহার বাধ্যতামূলক এবং প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি থাকবে। পরীক্ষার চূড়ান্ত তথ্য প্রার্থীদের এসএমএসের মাধ্যমেও জানানো হবে।
Tags: