প্রবাসী ভোটার নিবন্ধন ৩ লাখ ছাড়ালো: পোস্টাল ব্যালটে ভোট প্রস্তুতিতে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে এখন পর্যন্ত তিন লাখ ১০ হাজার ১২৭ জন প্রবাসী ভোটার হিসেবে নিবন্ধন করেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টা ২৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে এই আপডেট প্রকাশ করা হয়।

ইসি জানায়, মঙ্গলবার থেকে নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পাঠানো শুরু হয়েছে। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরবের প্রবাসীরা—৮৫ হাজারেরও বেশি। এরপর রয়েছে কাতার, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া। যুক্তরাজ্য, ইতালি, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালদ্বীপসহ বিভিন্ন দেশ থেকেও উল্লেখযোগ্য সংখ্যায় প্রবাসীরা নিবন্ধন করেছেন।

এবারই প্রথমবারের মতো আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট নেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। প্রবাসী, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং ভোটের দায়িত্বে থাকা কর্মকর্তারা অ্যাপে নিবন্ধন করে ব্যালট পাবেন। গত ১৯ নভেম্বর শুরু হওয়া নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত।

ইসির লক্ষ্যমাত্রা—আগামী জাতীয় নির্বাচনে অন্তত ৫০ লাখ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করা। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংস্থাটি।

Listen and Watch the Story:

Tags: