ওসমান হাদির ওপর গুলির ঘটনায় মোটরসাইকেলের মালিক আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র‌্যাব। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানায়, রোববার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হান্নানের বাবার নাম মো. আবুল কাশেম। তার বাড়ি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫ বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব আরও জানায়, হামলার ঘটনায় আব্দুল হান্নান সরাসরি জড়িত কিনা, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত শুক্রবার দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার পর ঝালকাঠিসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।

Listen and Watch the Story:

Tags: