জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচন কমিশনের আচরণ বর্তমানে নিরপেক্ষ ও স্বচ্ছ মনে হচ্ছে না। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের ভূমিকা যথাযথ নয় এবং কিছু দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে। বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন অত্যন্ত জরুরি। কমিশনের বর্তমান কাঠামোতে তা দেখা যাচ্ছে না, তাই নির্বাচন কমিশন পুনর্গঠনের প্রয়োজন রয়েছে।”
সরকারি কর্মকর্তাদের নিয়োগ ও বদলি নিয়েও প্রশ্ন তোলেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “প্রশাসনে যোগ্যতার ভিত্তিতে পদায়ন না হয়ে রাজনৈতিক প্রভাব কাজ করছে। বড় রাজনৈতিক নেতারা নিজেদের পছন্দমতো এসপি ও ডিসির তালিকা দিচ্ছেন—এতে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।”
‘শাপলা’ প্রতীক প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন কমিশনকে সাংবিধানিক ও আইনি ব্যাখ্যা দিতে হবে কেন শাপলা প্রতীক নিয়ে সমস্যা তৈরি হয়েছে। কমিশন ব্যাখ্যা দিলে আমরা অন্য প্রতীক বিবেচনা করব, নচেৎ শাপলা প্রতীক ছাড়া নির্বাচনে অংশ নেব না।”
বৈঠকে জুলাই গণহত্যা মামলার বিচার প্রক্রিয়া, শহীদ ও আহত পরিবারের নিরাপত্তা, এবং মামলাগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। নাহিদ ইসলাম বলেন, “আমরা সরকারকে জানিয়েছি, ৮০০টির বেশি মামলার অগ্রগতি ও রোডম্যাপ প্রকাশ করা উচিত, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়।”
তিনি আরও বলেন, “জুলাই সনদ বিষয়ে আমরা সরকারের কাছে অবস্থান পরিষ্কার করেছি। শুধু কাগুজে অঙ্গীকার নয়, গণভোটের মাধ্যমে অনুমোদিত ও বাস্তবায়িত একটি কাঠামো চাই। সরকার যৌক্তিকভাবে এ প্রক্রিয়া এগিয়ে নিক—এটাই আমাদের প্রত্যাশা।”
Tags: