পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দাফন করা হয়েছে। বুধবার (আজ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকার জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে জাতীয় সংসদ ভবন ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হয় তার জানাজা। জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢল নামে মানুষের। যতদূর চোখ যায়—মানুষ আর মানুষ। পুরো এলাকা শোক, শ্রদ্ধা ও নীরবতায় ভরে ওঠে।
জানাজা শেষে কড়া নিরাপত্তায় পতাকায় মোড়া মরদেহবাহী গাড়িতে করে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবন এলাকা থেকে জিয়া উদ্যানে নেওয়া হয়। বিকেল সাড়ে ৪টার দিকে একটি বিশেষ বাহনে করে মরদেহ নেওয়া হয় শহীদ জিয়াউর রহমানের সমাধির পাশে।
সমাধির কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা কাঁধে করে কফিন বহন করেন। শেষবারের মতো প্রিয়জনরা কফিন ছুঁয়ে শ্রদ্ধা জানান। পরে ধর্মীয় বিধি অনুযায়ী দাফন সম্পন্ন হয়।
দাফন প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, কন্যা জাফিরা রহমানসহ পরিবারের সদস্যরা। এ ছাড়া বিএনপির শীর্ষ নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও শোক ও শ্রদ্ধা জানান।
দাফন শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। ইতিহাসের এক অনন্য মুহূর্তের সাক্ষী হয় বাংলাদেশ—যেখানে দলমত নির্বিশেষে লাখো মানুষ শেষ বিদায়ে অংশ নেন।
Tags: