মঙ্গলবার (২১ অক্টোবর) এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিপত্র ও প্রজ্ঞাপন জারি হওয়ার পর আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলেন, “আমরা আন্দোলন প্রত্যাহার করছি। আগামীকাল থেকেই ক্লাসে ফিরে যাব।”
এর আগে অর্থ মন্ত্রণালয় জানায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীরা আগামী ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ (ন্যূনতম ২০০০ টাকা) হারে বাড়িভাড়া ভাতা পাবেন এবং আগামী বাজেট থেকে এই হার ১৫ শতাংশে উন্নীত হবে।
শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে আলোচনায় জানান, শিক্ষকদের দাবি বাস্তবায়ন একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। তিনি বলেন, “এই পথ সহজ ছিল না, কিন্তু আমরা একটি ন্যায্য ও টেকসই সমাধানে পৌঁছেছি। এটি কারও একার সাফল্য নয়, এটি যৌথ অর্জন।”
তিনি আরও বলেন, “শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে, সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে। এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার। আজকের এই সমঝোতা হোক পারস্পরিক শ্রদ্ধা ও শিক্ষার মান উন্নয়নের নতুন সূচনা।”
এর আগে মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে অনশন শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। অনশন চলাকালে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও মাদ্রাসা শিক্ষক–কর্মচারী ফোরামের সদস্য সচিবসহ ছয়জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।
Tags: