১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাতির বিনম্র শ্রদ্ধা

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ লগ্নে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে আজ শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে শহীদ বুদ্ধিজীবী দিবস। পরিকল্পিতভাবে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের আজ স্মরণ করছে পুরো জাতি।

দিবসের শুরুতে সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঠিক আগে শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের চোখ বেঁধে ধরে নিয়ে হত্যা করা হয়, যাতে দেশকে মেধাশূন্য করা যায়। রায়েরবাজার ও মিরপুরসহ বিভিন্ন স্থানে পাওয়া যায় তাদের ক্ষতবিক্ষত মরদেহ।

দিবসটি উপলক্ষে সরকারিভাবে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা পৃথক বাণীতে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের আদর্শ ধারণ করার আহ্বান জানিয়েছেন।

Listen and Watch the Story:

Tags: