ভোটের সময় ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রাখার প্রস্তাব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) মোট ৮ দিন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রাখার প্রস্তাব দিয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক প্রস্তুতিমূলক বৈঠক শেষে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আগে ৫ দিন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের পরিকল্পনা ছিল, তবে বৈঠকে ৮ দিন রাখার প্রস্তাব এসেছে। এ প্রস্তাব যাচাই-বাছাই করা হবে। প্রস্তাব অনুযায়ী, ভোটের আগে ৩ দিন, ভোটের দিন এবং ভোটের পরের ৪ দিন মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী।
ইসি জানায়, নির্বাচনের সময় দেড় লাখ পুলিশ, ৯০ হাজার থেকে এক লাখ সেনাসদস্য এবং প্রায় ছয় লাখ আনসার সদস্য মোতায়েনের প্রস্তাব করা হয়েছে। বৈঠকে আরও আলোচনা হয় এআইয়ের অপব্যবহার রোধ, ড্রোন নিষিদ্ধকরণ ও পুলিশের পোশাকে ক্যামেরা ব্যবহারের বিষয়ে।
আখতার আহমেদ জানান, নির্বাচনের পরিবেশ এখন সম্পূর্ণ অনুকূল এবং আইনশৃঙ্খলা বাহিনীও একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণার পরিকল্পনা রয়েছে, আর ভোট অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে।