জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সন্ত্রাস দমনে অবিলম্বে ‘অপারেশন ডেভিল হান্ট: ফেজ-২’ শুরু করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং ফ্যাসিস্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র ব্যবহারের বিষয়ে তিনি বলেন, বৈধভাবে নির্বাচনে অংশগ্রহণকারীদের অস্ত্র লাইসেন্স দেওয়া হবে এবং যাদের অস্ত্র আগে জমা ছিল, তা ফেরত দেওয়া হবে।

তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ কমিটি গঠনের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

ওসমান হাদির ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে তিনি বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে এবং কাউকেই ছাড় দেওয়া হবে না। নির্বাচন বানচালের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।