রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা ফিরোজ ও মেয়ে নাফিসাকে হত্যার ঘটনায় গৃহকর্মী আয়েশা আক্তার এবং তার স্বামী রাব্বিকে ঝালকাঠির নলছিটি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দপদপিয়া ইউনিয়নের চরকয়া এলাকায় আয়েশার ফুফু শাশুড়ির বাড়ি থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারের সময় উপস্থিত ছিলেন আয়েশার ফুফু শাশুড়ি মিনারা বেগম। তিনি জানান, দম্পতি হঠাৎ তাদের বাড়িতে আসে এবং পরিচয় দেওয়ার পর তারা বুঝতে পারেন কে এসেছে। নাস্তা খাওয়ার কিছু পরই পুলিশ এসে আয়েশা ও রাব্বিকে ধরে নিয়ে যায়। তিনি আরও বলেন, রাব্বির মা নিজেই ছেলে ও পুত্রবধূর তথ্য পুলিশকে দিয়েছেন।

আয়েশার স্বামী রাব্বি সাংবাদিকদের বলেন, অভাবের কারণে স্ত্রী বাড়ি থেকে কিছু মালামাল নিয়ে আসছিল। সে সময় গৃহকর্ত্রী তাকে ধরে ফেললে আয়েশা বাঁচার চেষ্টা করতে গিয়েই এ ঘটনা ঘটে।

নলছিটি থানার তদন্ত পরিদর্শক আশরাফ আলী জানান, মোহাম্মদপুর থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করেছে এবং বিস্তারিত তথ্য ঢাকা থেকে জানানো হবে।

উল্লেখ্য, সোমবার মোহাম্মদপুরের বাসা থেকে লায়লা ফিরোজ (৪৮) ও তার মেয়ে নাফিসা (১৫)-এর লাশ উদ্ধার করা হয়। পরে লায়লার স্বামী স্কুল শিক্ষক আজিজুল ইসলাম আয়েশাকে একমাত্র আসামি করে মামলা করেন।